গণমানুষের নেতা থেকে আজ বিশ্বনেতায় পরিণত শেখ হাসিনা : শেখ পরশ

আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৬:৪২ পিএম


গণমানুষের নেতা থেকে আজ বিশ্বনেতায় পরিণত শেখ হাসিনা : শেখ পরশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, গণমানুষের নেতা থেকে আজকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে, একমাত্র শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য অপরিহার্য। শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

শনিবার (১৮ মে) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ পরশ বলেন, যুবলীগকে যেকোনো মূল্যে বঙ্গবন্ধু কন্যার অর্জনসমূহ নির্ণয় করতে হবে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবিলা করতে হবে। তিনি একজন আত্মপ্রত্যয়ী মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন।

যুবলীগের চেয়ারম্যান বলেন, বিএনপি-জামায়াত সরকার এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল আর শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ নির্মূল করে দিয়েছে। ক্ষমতার লোভে মিথ্যাচার এবং অপরাজনীতি বন্ধ করেন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। বিএনপি এ দেশের জনগণের বদলে বিদেশি শক্তির ওপর নির্ভর করে। তার অন্যতম কারণ কোনো জাতীয় সংকটে তারা কখনোই জনগণের পাশে দাঁড়ায়নি।

যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুহম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ নবীরুজ্জামান বাবু ও আইটি সম্পাদক এস আই আহম্মেদ সৈকত প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission